আইফোনে ৪কে সেলফি
যুক্তরাষ্ট্রের স্টিভ জবস থিয়েটারে জমকালো আয়োজনে হাজারো দর্শনার্থীদের সামনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন-১১, ১১ প্রো এবং প্রো ম্যাক্স অবমুক্ত করেছে অ্যাপল। একইমঞ্চে উন্মোচন করা হলো সপ্তম প্রজন্মের শক্তিশালী আইপ্যাড, অ্যাপল ওয়াচ সিরিজ-৫।
বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে এই আয়োজন থেকে জানানো হলো শুক্রবার থেকে ফোন তিনটির প্রি-অর্ডার শুরু হবে। আর বাজারে আসবে ২০ সেপ্টেম্বর।
আইফোন ১০আরের নতুন সংস্করণ আইফোন ১১ পাওয়া যাবে ৬৯৯ ডলারে (৫৮ হাজার ৭১৬ টাকা)। আইফোন ১১ প্রোয়ের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার (৮৩ হাজার ৯১৬ টাকা) থেকে। আইফোন ১১ প্রো ম্যাক্সের দাম নির্ধারণ করা হয়েছে ১০৯৯ ডলার (৯২ হাজার ৩১৬ টাকা)।
গ্লাস ডিজাইনের আইফোন ১১ পাওয়া যাবে বেগুনি, সাদা, সবুজ, হলুদ , কালো ও লাল রঙে। ম্যাট ফিনিশিংয়ের আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স পাওয়া যাবে সুবজ, ধুসর, রুপালি ও সোনালি রঙে।
প্রতিটি আইফোনে আছে নতুন এ১৩ বায়োনিক প্রসেসর। অ্যাপলের নিজস্ব তৈরি প্রসেসরটি এখন পর্যন্ত স্মার্টফোনের জন্য নির্মিত সবচেয়ে দ্রুতগতির সিপিইউ।এছাড়াও, আইফোনগুলো সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, কিউআই ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং।
বিশেষ ফিচার হিসেবে ভিডিও ধারণে কাঁপুনি রোধে ব্যবহার করা হয়েছে ‘সিনেম্যাটিক স্ট্যাবলাইজেশন’ প্রযুক্তি। পেশাদার ক্যামেরা ফিচার যুক্ত করায় আইফোন ১১ দিয়ে ফোর কে রেজুলেশনে ৬০ ফ্রেমে রেখে ভিডিও ধারণ করা যাবে স্বাচ্ছন্দে। একই ফ্রেমে ও রেজুলেশনে তোলা যাবে সেলফি।